ঢাকা     মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমিনুলের বোর্ড ভেঙে ১১ সদস্যদের অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:১৬, ৭ এপ্রিল ২০২৬
আমিনুলের বোর্ড ভেঙে ১১ সদস্যদের অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২৫ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। যে কমিটির প্রধান করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে।

তামিম ইকবালের ২০২৫ সালের নির্বাচন করার কথা ছিল। কিন্তু অনিয়ম ও ফিক্সিংয়ের অভিযোগে নির্বাচন বয়কট করেন তামিম। ছয় মাসেরও কম সময়ে তার কাঁধেই এখন ক্রিকেট বোর্ডের দায়িত্ব। নতুন সরকারের অধীনে গঠিত জাতীয় ক্রীড়া পরিষদ ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠা ২০২৫ সালের বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে নামে।

আরো পড়ুন:

পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গত ৫ এপ্রিল নিজেদের প্রতিবেদন জমা দেয় ক্রিকেট বোর্ডকে। সেই প্রতিবেদন পর্যালোচনা করে জাতীয় ক্রীড়া পরিষদ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করে নিজেদের ব্যবস্থা গ্রহণ করেছে। অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে আমিনুলের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ সদস্যদের অ্যডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। তিন মাসের মধ্যে নির্বাচন দেবে এই অ্যাডহক কমিটি।

নতুন অ্যাডহক কমিটির সদস্যরা হলেন-
রাসনা ইমাম (নারী সদস্য),
মির্জা ইয়াসির আব্বাস,
ইব্রাহিম আহমেদ,
ইসরাফিল খসরু,
মিনহাজুল আবেদিন নান্নু,
আতাহার আলী খান,
তানজিল চৌধুরী,
রফিকুল ইসলাম বাবু,
সালমান ইস্পাহানি,
ফাহিম সিনহা,
সভাপতি: তামিম ইকবাল।

এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বলেছেন, ‘‘অত্যন্ত স্বচ্ছতার সাথে কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দিয়েছে এবং ওই রিপোর্টকে যথাযথভাবে পর্যালোচনা করেই আইনি কাঠামোর ভেতরে থেকেই এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। সুতরাং এই সিদ্ধান্তটি আশা করি অবশ্যই বলবৎ থাকবে।’’

এর আগে বোর্ডের পরিচালনা পর্ষদ বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেছেন, ‘‘পুরোপুরি প্রতিবেদন যাচাই-বাছাই করে, পর্যবেক্ষণ করে এই রিপোর্টটি তৈরি করে আপনাদেরকে পড়ে শোনানো হয়েছে। আইসিসির নিকট জাতীয় ক্রীড়া পরিষদের যে দায়িত্ব, সেই দায়িত্বের অংশ হিসেবে আইসিসিকে আমরা অবহিত করেছি যে এই কমিটি যেটা বলবৎ আছে সেটি যথাযথ প্রক্রিয়ায় যেহেতু গঠিত হয়নি এবং যথাযথ প্রক্রিয়ায় কার্য সম্পন্ন করতে পারছে না, সেহেতু এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানানো হয়েছে।’’

‘‘বাংলাদেশের ক্রিকেটের জন্য বা বাংলাদেশের যেকোনো খেলার জন্য সরকার এবং সরকারের পক্ষে এনএসসি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। বিসিবির বিষয়ে আমরা আশাবাদী এবং আমরা মনে করি অবশ্যই আইসিসি এই সিদ্ধান্তকে সমুন্নত রাখবে।’’

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়