চুয়াডাঙ্গায় রাতে ঝড়ের তাণ্ডব, একজনের মৃত্যু
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঝড়ে ভেঙে যাওয়া ঘরের সামনে দাঁড়িয়ে নারী।
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় তিনতলা থেকে পড়ে মকলেছুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলা ঝড়-বৃষ্টিতে বিভিন্ন এলাকায় আমসহ ফসলের ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
মারা যাওয়া মকলেছুর রহমান (৬০) সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের বাসিন্দা ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান একজনের মৃত্যুর তথ্য জানিয়েছেন।
স্বজনরা জানান, রাত ৮টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির তিনতলার ছাদ থেকে টিন নামাচ্ছিলেন মকলেছুর রহমান। এ সময় প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ সরকার জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ করা হচ্ছে। মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ শেষে জানানো যাবে ঝড়ে ঠিক কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রাত ৭টা ৫৫ মিনিট থেকে ৯টা ০৫ মিনিট পর্যন্ত জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।
ঢাকা/মামুন/মাসুদ
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ