গাইবান্ধায় কৃষক ও মাঝিদের জন্য বিশেষ ডিজেল বিক্রয় কেন্দ্র
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সারা দেশের মতোই গাইবান্ধায় জ্বালানি তেলের তীব্র সংকট বিরাজ করছে। বিশেষ করে, চরাঞ্চলের কৃষক ও নৌযানচালকরা বিপাকে পড়ছেন। এসব কৃষক ও মাঝির কাছে তেল সরবরাহের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন। এ জেলার চরাঞ্চলের প্রান্তিক কৃষক ও নৌকার মাঝিদের জ্বালানি তেলপ্রাপ্তি (ডিজেল) নিশ্চিত করতে বিশেষ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে ‘রসুলপুর পেট্রোলিয়াম’ নামে একটি জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এই কেন্দ্র থেকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর এরেন্ডাবাড়ি ইউনিয়নের বেশকিছু চরের কৃষক ও নৌকার মাঝিরা নির্ধারিত দামে সহজেই জ্বালানি তেল কিনতে পারবেন। এমন উদ্যোগ নেওয়ায় ওই অঞ্চলের কৃষক ও মাঝিরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তেল নিতে আসা এড়েন্ডাবাড়ি চরের কৃষক মনছুর মিয়া বলেছেন, “ডিজেলের অভাবে দুই সপ্তাহ ধরে ধানের জমিতে সেচ দিতে পারছিলাম না। কাছাকাছি নৌকা ঘাটে ডিজেলের বিক্রয় কেন্দ্র উদ্বোধন হওয়ায় আমরা এখন থেকে শহরের পাম্পে যাওয়া ছাড়াই তেল কিনতে পারব।”
একই চরের আরেক কৃষক রহিম মিয়া বলেছেন, “শহরের পাম্পে গিয়ে ৫-৬ ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে হয়। এত সারা দিনে আর কোনো কাজ করা যায় না। নিজ এলাকায় কেন্দ্র হওয়ায় খুব ভালো লাগছে।”
ফুলছড়ি উপজেলার ফজলুপুরের কৃষক আমজাদ হোসেন তেল পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “শহরে তেল নিতে গিয়ে দীর্ঘ লাইন দেখে দুই দিন ঘুরে এসেছি। তেল না পাওয়ায় ভুট্ট ভাঙার মেশিন বন্ধ ছিল। আজ তেল পেলাম। এখন আর সমস্যা হবে না।”
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেছেন, “সেচসহ কৃষকদের অন্যান্য কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক ডিজেল বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আশা করি, এতে কৃষকদের ভোগান্তি অনেক কমবে।”
ঢাকা/মাসুম/রফিক
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল জয়ী