ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতক উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ১১ এপ্রিল ২০২৬  
টাঙ্গাইলে রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতক উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় নবজাতককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শী আব্দুর ছালাম জানান, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কান্নার শব্দ শুনতে পান তিনি। শব্দের উৎস খুঁজতে গিয়ে রাস্তার পাশের ঝোপের ভেতর নবজাতককে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না। একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল। রাতে খোলা আকাশের নিচে থাকায় শিশুটির শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দিয়েছে। উদ্ধারের পর শিশুটিকে সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, “আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতির হেফাজতে রয়েছে। তারা শিশুটিকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।”

সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, “রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটির চিকিৎসা চলমান রয়েছে। সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/কাওছার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়