ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় বালু উত্তোলন, বিএনপি নেতা গ্রেপ্তার 

‎গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১১ এপ্রিল ২০২৬  
গাইবান্ধায় বালু উত্তোলন, বিএনপি নেতা গ্রেপ্তার 

জুয়েল আমিন ও সবুজ মিয়া।

‎গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিএনপির এক নেতাসহ দুই বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সাঘাটা ইউনিয়নের বোয়ালগেট হয়ে মুন্সিরহাট এলাকায় পরিবহনের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গত ৮ এপ্রিল সাঘাটা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মজিবর রহমান অজ্ঞাত আসামি করে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা করেন।

গ্রেপ্তার জুয়েল আমিন সাথালিয়া গ্রামের জহরলালের ছেলে এবং সাঘাটা ইউনিয়নের সাথালিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অপরজন সবুজ মিয়া কচুয়াহাট গ্রামের মৃত কদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জুয়েল আমিন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। অনেক অভিযোগ দিয়েও তাদের বালু উত্তোলন থামানো যায়নি। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

‎এ বিষয়ে জানতে চাইলে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, গ্রেপ্তার জুয়েল আমিন ওয়ার্ড বিএনপির সভাপতি। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের প্রক্রিয়া চলমান রয়েছে।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

‎ঢাকা/মাসুম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়