একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, সুস্থ আছেন সবাই
গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মাসুমা বেগম নামের এক নারী। মা ও পাঁচ নবজাতকই সুস্থ আছেন। প্রয়োজনীয় চিকিৎসাসেবা শেষে তারা বাড়িতে ফিরেছেন।
মাসুমা বেগম কাপাসিয়ার এক গ্রামের বাসিন্দা। গত ৫ এপ্রিল প্রসববেদনা নিয়ে তিনি ভর্তি হন ঢাকার পি জি হাসপাতালে। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে একে একে জন্ম নেয় তার পাঁচ সন্তান। তাদের মধ্যে তিনজন ছেলে এবং দুজন মেয়ে।
পাঁচ দিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাড়িতে ফিরেন তারা। ওই দিনেই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদেরকে কাপাসিয়ার রায়েদ দরগা বাজারের একটি কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল (১০ এপ্রিল) বিকেলে তাদেরকে নিজ বাড়িতে নেওয়া হয়েছে।
কমিউনিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত একসঙ্গে এতগুলো সন্তানের জন্মের ক্ষেত্রে মা ও নবজাতকদের ঝুঁকি অনেক বেশি থাকে। তবে, এই পাঁচ নবজাতকের শারীরিক অবস্থা ভালো। পাঁচজনের সম্মিলিত ওজন প্রায় ৮ কেজি। প্রতিটি শিশুর ওজন ১.৪ থেকে ১.৫ কেজির মধ্যে।
সেবাদানকারী চিকিৎসক কামরুজ্জামান সেলিম বলেছেন, “এ ধরনের ডেলিভারি অত্যন্ত জটিল হলেও সঠিক পরিকল্পনা ও নিবিড় পর্যবেক্ষণের কারণে মা ও শিশুরা সুস্থ আছে।”
এই বিরল ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও আগ্রহ। তবে, নবজাতকদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রেখে পরিবারটি আপাতত গণমাধ্যমের সামনে আসতে আগ্রহ প্রকাশ করেনি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে পাঁচ সুস্থ সন্তানের জন্ম শুধু বিরল ঘটনাই নয়, এটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতারও উদাহরণ।
ঢাকা/রফিক সরকার/রফিক
কুষ্টিয়ায় আস্তানায় হামলা-আগুন, কথিত পীর নিহত