ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৯ ১৪৩২ || ২৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিমানবন্দর-রেলস্টেশন ও ট্রেনে মিলবে ফ্রি ওয়াই-ফাই: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ১১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৩০, ১১ এপ্রিল ২০২৬
বিমানবন্দর-রেলস্টেশন ও ট্রেনে মিলবে ফ্রি ওয়াই-ফাই: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রতীকী ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশজুড়ে যাত্রীসেবা সহজ ও আধুনিক করতে সব বিমানবন্দর, রেলস্টেশন এবং দূরপাল্লার ট্রেনে পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রমও শুরু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, আধুনিক ইন্টারনেট সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি কক্সবাজার রুটে চলাচল করছে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতেও ধাপে ধাপে ফ্রি ওয়াই-ফাই চালুর কাজ চলছে।

তিনি বলেন, উপকূলীয় এলাকায় জেলে ও ট্রলারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা জরুরি। এতে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা, জলদস্যুতা প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ সহজ হবে।

পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনার কাজ চলছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ।

সভায় আরো বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/তারেকুর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়