ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান ইস্যুতে নেতানিয়াহুর গোপন প্রস্তাব ফাঁস করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:২৮, ১১ এপ্রিল ২০২৬
ইরান ইস্যুতে নেতানিয়াহুর গোপন প্রস্তাব ফাঁস করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

জন কেরি ও নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের ওপর সামরিক হামলা চালানোর জন্য বারবার মার্কিন প্রশাসনকে প্ররোচিত করার চেষ্টা করেছেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি জানান, বিগত বেশ কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও একমাত্র ডোনাল্ড ট্রাম্প এতে সম্মতি দিয়েছেন।

শুক্রবার ‘দ্য ব্রিফিং উইথ জেন সাকি’-তে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কেরি এসব তথ্য ফাঁস করেন। খবর আল-জাজিরার।

আরো পড়ুন:

কেরি জানান, বারাক ওবামার শাসনামলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নেতানিয়াহুর সঙ্গে এমন বহু আলোচনায় অংশ নিয়েছেন যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী সরাসরি ইরানে হামলার অনুরোধ জানিয়েছিলেন। কেরি বলেন, “তিনি (নেতানিয়াহু) চেয়েছিলেন আমরা যেন আক্রমণ করি।”

সাক্ষাৎকারে কেরি আরও উল্লেখ করেন যে, নেতানিয়াহু এই প্রস্তাব সরাসরি মার্কিন প্রেসিডেন্টদের কাছে পেশ করেছিলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন প্রত্যাখ্যান করেছিলেন। এমনকি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও এতে রাজি হননি। একমাত্র প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পই এই প্রস্তাবে সায় দিয়েছেন।”

সাম্প্রতিক কিছু প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কেরি জানান, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য নেতানিয়াহু একটি বিস্তারিত ‘ফোর-পয়েন্ট পিচ’ বা চার দফার যুক্তি তুলে ধরেছিলেন। নেতানিয়াহুর সেই পরিকল্পনার মূল লক্ষ্যগুলো ছিল- ইরানের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা, বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানো বা গণঅভ্যুত্থানে উস্কানি দেওয়া, দেশটির সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া।

কেরি জানান, এই আলোচনা সংক্রান্ত সংবাদগুলো অত্যন্ত নির্ভরযোগ্য। তিনি বলেন, নেতানিয়াহু কেবল একান্তেই নয়, বরং মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন আনুষ্ঠানিক বৈঠকেও এসব যুক্তি উপস্থাপন করেছিলেন। সেখানে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন মত আসলেও নেতানিয়াহু তার সামরিক অভিযানের দাবিতে অনড় ছিলেন।

বিশ্লেষকরা মনে করছেন, কেরির এই মন্তব্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটিয়া সামরিক আধিপত্যের গোপন লক্ষ্যকে সামনে নিয়ে এলো।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়