ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ১১ এপ্রিল ২০২৬  
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে: নাহিদ ইসলাম

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন নাহিদ ইসলাম

সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, “মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশ আইনে পরিণত করার প্রতিশ্রুতি থাকলেও সেই ওয়াদা (বিএনপি সরকার) তারা ভঙ্গ করেছে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে, তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয় নাই। বর্তমান সরকারকেও মনে রাখতে হবে, ছাত্র-শ্রমিক-জনতাকে ওয়াদা দিয়ে, তাদের রক্তের ওপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদের অচিরেই ভোগ করতে হবে।”

আরো পড়ুন:

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “শুধু জাতীয় সংসদ নয়, আমাদেরকে এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে। রাজপথের প্রস্তুতির মাধ্যমে, গণআন্দোলনের প্রস্তুতির মাধ্যমেই আমরা বর্তমান সরকারকে বাধ্য করব জুলাই সনদ, গণভোটসহ শ্রমিকের অধিকারে প্রতিটি দাবি যাতে নিশ্চিত হয়।” 

তিনি বলেন, “আমরা এক নতুন জাতীয় ঐক্যে আবির্ভূত হয়েছি, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের শ্রমিকদের প্রতি আমাদের যে ওয়াদা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়বো; রাজনীতি-অর্থনীতি-সমাজ সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করব; নতুন বন্দোবস্তের শ্রমিকের হিস্যা নিশ্চিত করব; সেই লড়াইয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” 

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “আমরা বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য প্রস্তুত ছিলাম। আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে, বর্তমানে জাতীয় ঐক্য অতি জরুরি ছিল, কিন্তু সেই জাতীয় ঐক্য, সেই জাতীয় সমঝোতা ভঙ্গ করেছে বর্তমান সরকার।” 

এনসিপি'র আহ্বায়ক বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে জবাবদিহিতার আওতায় আনতে হলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। নতুন বাংলাদেশের পথে গণঅভ্যুত্থানের বাংলাদেশকে, জুলাইয়ের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়