চুক্তি চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের অধিকার মেনে নিতে হবে: গালিবাফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
তেহরানের সঙ্গে শান্তি চুক্তি চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তেহরানের অধিকার মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
শনিবার (১১ এপ্রিল) ৭১ সদস্যের ইরানি প্রতিনিধি দল নিয়ে গালিবাফ মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানে পৌঁছানোর পর এই মন্তব্য করেন। খবর আল-জাজিরার।
ইরানি প্রতিনিধি দলের এই নেতা সাংবাদিকদের বলেন, ইরান ‘ভালো উদ্দেশ্য’ নিয়ে ইসলামাবাদে এসেছে; যদিও তারা যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না।
তিনি আরও উল্লেখ করেন যে, দুই পক্ষের মধ্যে এর আগে হওয়া আলোচনাগুলোতে ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনের তথ্যানুয়ায়ী, আজ শনিবার পাকিস্তানে রাজধানী ইসলামাবাদে যখন মার্কিন ও ইরানি কূটনীতিকরা আলোচনায় বসবেন, তখন এটি হবে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।
২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির পর এটিই হবে তাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক মুখোমুখি আলোচনা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে তার প্রথম মেয়াদে থাকাকালীন এই পরমাণু চুক্তিটি বাতিল করেছিলেন।
একই বছর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সরাসরি আলোচনার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। উল্লেখ্য, ছয় সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধের শুরুতে মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনি নিহত হন।
ওমানের মাস্কাটে অনুষ্ঠিত গত দফার আলোচনাটি ছিল অমীমাংসিত। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্সের উপস্থিতি এবারের আলোচনায় বাড়তি গুরুত্ব যোগ করবে বলে ধারণা করা হচ্ছে এবং এতে কিছুটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, জেডি ভ্যান্স খুব শিগগির ইসলামাবাদে পৌঁছাবেন; তার নিরাপত্তা দল ও যানবাহন ইতিমধ্যে সেখানে পৌঁছেছে।
ঢাকা/ফিরোজ