ঢাকা     শনিবার   ১১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাজার সিন্ডিকেট রুখতে ‘কৃষকের হাট’ উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১১ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৪৫, ১১ এপ্রিল ২০২৬
বাজার সিন্ডিকেট রুখতে ‘কৃষকের হাট’ উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

সিলেটে কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতে প্রথমবারের মতো চালু হলো ‘কৃষকের হাট’। শনিবার (১১ এপ্রিল) সকালে নগরের টিলাগড় এলাকায় এই হাটের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার প্রবণতা ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাজার ম্যানিপুলেশন যারা করেন, তাদের বিরুদ্ধে এটি একটি কাউন্টার ব্যালেন্স হিসেবে কাজ করবে।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, দেশের অনেক কৃষকই তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না। আবার ভোক্তাদেরও বেশি দামে পণ্য কিনতে হয়। মাঝখানে নানা অপ্রত্যাশিত খরচ ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণে এই বৈষম্য তৈরি হয়। ‘কৃষকের হাট’ চালুর মাধ্যমে এই ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী জানান, এ হাটে কৃষকেরা কোনো ধরনের দালাল ছাড়াই সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করতে পারবেন। এতে কৃষক ন্যায্য দাম পাবেন এবং ভোক্তারাও তুলনামূলক কম দামে পণ্য কিনতে পারবেন। এটিকে তিনি ‘উইন-উইন’ পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, সিলেট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হয়েছে। এটি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে।

‘কৃষকের হাট’ এর মাধ্যমে সিলেটের প্রান্তিক কৃষকদের জন্য একটি সরাসরি বাজার তৈরি হলো, যেখানে তারা মধ্যস্থতাকারী ছাড়াই তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ গড়ে উঠবে।

সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

ঢাকা/রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়