ধামরাইয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন সংক্রান্ত মামলার আসামি গ্রেপ্তারে যাওয়া পুলিশ সদস্যদের ওপর দুই দফা হামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) রাত দেড়টার দিকে ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় হামলা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) ও নাইম ইসলাম (৪০)। তারা উভয়ই ধামরাইয়ের পাঠানটোলা এলাকার বাসিন্দা। নাইম ইসলাম ধামরাই উপজেলা যুবদলের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মামলার অপর আসামিরা হলেন- আনিকা রায়হান সুচনা (২৯) ও রায়হানসহ (২৪) অজ্ঞাত ১০-১৫ জন। তারা প্রধান আসামি প্রান্তর স্বজন।
আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আইয়ুব আলী ও শামীম আল মামুন, মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ।
পুলিশ সূত্র জানায়, বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ধামরাই থানায় একটি মামলা (নম্বর-২৪) হয়। ওই মামলার দুই আসামি সৈয়দ ইউসুফ আলী প্রান্ত ও তার স্ত্রী আনিকা রায়হান সূচনাকে গ্রেপ্তারে বিকেল ৩টার দিকে অভিযানে যায় পুলিশ। এ সময় অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের আসামিরা হুমকি দেয়।
একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাদের মাথা, হাত ও পাসহ শরীরে নিলাফুলা জখম করে। এতে পুলিশ সদস্য আইয়ুব আলী ও শামীম আল মামুন আহত হন। পরে আরো পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা হয়। এ সময় পুলিশ সদস্য মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ জখম হন।
একপর্যায়ে দুই আসামিকে গ্রেপ্তার করে থানার দিকে রওনা হলে আসামিদের লোকজন পুলিশের পিকআপ ভ্যানের গতিরোধ করে। তারা পুলিশ সদস্য মো. আইয়ুব আলীর পোশাক ছিঁড়ে ফেলে। আহত পুলিশ সদস্যদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে পেনাল কোডের একাধিক ধারায় মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
ঢাকা/সাব্বির/মাসুদ