মানিকছড়িতে পাহাড় কাটা তদন্তে মাঠে কমিটি
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে অন্তত আটটি পাহাড় কাটার খবরে গত ৯ এপ্রিল তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে সরেজমিনে পাহাড় কাটার স্থান পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার খাড়িছড়া, এয়াতলংপাড়া, মরাডলু, লেমুয়া, তিনটহরী ও বড়ডলু এলাকায় বিভিন্ন পাহাড় কাটা স্থান পরিদর্শন করেন তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- তদন্ত কমিটির সদস্য সচিব চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দীন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহম্মদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।
কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. মোতাহার হোসেন বলেন, “পাহাড় কাটার বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আইনী পদক্ষেপ নিয়েছে। যারাই পাহাড় কাটা কিংবা পরিবেশ ধ্বংসে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।”
গত ৯ এপ্রিল সকালে সচিবালয়ের সভাকক্ষে ‘পাহাড় ও টিলা কাটা বন্ধে করণীয় নিরূপণ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম পাহাড় কাটার বিষয় খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
ঢাকা/রূপায়ন/মাসুদ