ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুন্দরবনে বিশেষ অভিযান, অস্ত্রসহ আটক ৩ বনদস্যু 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৫ মে ২০২৬   আপডেট: ১৮:৪৭, ১৫ মে ২০২৬
সুন্দরবনে বিশেষ অভিযান, অস্ত্রসহ আটক ৩ বনদস্যু 

সুন্দরবনে পঞ্চমবারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ শীর্ষক বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। 

আটক মো. মেহেদী হাসান (২৫), মো. রমজান শরীফ (১৯) এবং মো. এনায়েত (২৫) করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২টি ওয়াকিটকি ও ৪টি ওয়াকিটকি চার্জার জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস তৌহিদ’র নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ।

তিনি জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত করিম-শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবন পূর্ব বন বিভাগের শ্যালা নদীর মরা চান মিয়া খাল-সংলগ্ন এলাকায় অবস্থান করছে। বুধবার (১৩ মে) থেকে অভিযান শুরু করা হয়। শুক্রবার সকাল পর্যন্ত ২ দিনব্যাপী অভিযান চালিয়ে করিম-শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। এই ডাকাতরা এই জেলেদের অপহরণ করেছিল। গত বুধবার বন বিভাগ জেলেদের উদ্ধার করতে সক্ষম হলেও ডাকাতদের আটক করতে পারেনি।

জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও আটক ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। 

সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ডাকাত ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আটককৃত বনদস্যু মো. মেহেদী হাসান (২৫) ও মো. রমজান শরীফ (১৯) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা এবং মো. এনায়েত (২৫) ফরিদপুরের ভাঙ্গা থানার বাসিন্দা।

ঢাকা/আমিনুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়