কলা-আপেল খায় ৪০ মণের বাহারাম বাদশা
এম এস রহমান, পাবনা || রাইজিংবিডি.কম
ষাঁড়টির ওজন ৪০ মণ, আর মাংস মিলবে প্রায় ২৫ মণ।
কালো কুচকুচে বিশাল দেহের ষাঁড়টির নাম বাহারাম বাদশা। এবারের কোরাবানির ঈদ সামনে রেখে মোটাতাজা করেছেন খামারি। শুনলে অবাক হবেন, বাহারাম বাদশার প্রিয় খাবার হলো কলা ও আপেল। সপ্তাহে ২ থেকে ৩ দিন তাকে কলা ও আপেল খাওয়ান খামারি মনিরুল ইসলাম। ষাঁড়টির ওজন ৪০ মণ, আর মাংস মিলবে প্রায় ২৫ মণ।
বাহারাম বাদশার চলাচলও যেন বাদশার মতো। তাকে দুই/চারজন মিলে সামলানো সহজ কাজ নয়। আর একবার বাইরে বের হওয়ার পর যেন তার আনন্দ আর ধরে না। লাফিয়ে লাফিয়ে জানিয়ে দেয় তার খুশির বারতা। বিশাল দেহের এই ষাঁড়টির দেখা মিলবে পাবনার চাটমোহর উপজেলায়।
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের খামারি মনিরুল ইসলাম। কোরবানির ঈদ সামনে রেখে এক বছর আগে একটি ষাঁড় কিনে লালন পালন শুরু করেন। দেশীয় পদ্ধতিতে কাঁচা ঘাস, খৈল, ভূষি, খড়, পান্তা ভাত খাইয়ে তাকে মোটাতাজা করেছেন।
২০১৯ সালে টাইগার নামে একটি বিশাল ষাঁড় গরু মোটাতাজা করে যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মনিরুল। তিনি জানান, এবার নিজের পছন্দ মতো ষাঁড়টির নাম দিয়েছেন বাহারাম বাদশা। বর্তমানে সেটির ওজন ৪০ মণ। আর পরিমাপ অনুযায়ী মাংস মিলবে ২৫ মণ। তিনি দাম চাচ্ছেন ২৫ লাখ টাকা।
মনিরুল জানান, বাহারাম বাদশাকে সপ্তাহে দুই/তিন দিন কলা ও আপেল খাওয়ান তিনি। এছাড়া কাঁচা ঘাসও তার খুব পছন্দ। মনিরুলের আশা, বাড়ি থেকে ষাঁড়টি বিক্রি করার। কেউ যদি কিনতে চান তাহলে তার বাড়িতে গিয়ে দেখতে পারেন। অনেক স্বপ্ন নিয়ে ষাঁড়টি বড় করেছেন তিনি। এবারের ঈদের হাটে বাহারাম বাদশা কে বিক্রি করে লাভের মুখ দেখতে চান মনিরুল।
এক বছর ধরে পরিশ্রম করে নিজের সন্তানের মতো বাহারাম বাদশাকে লালন পালন করেছেন মনিরুল। যখন বাহারাম বাদশা বিক্রি হয়ে যাবে তখন কেমন লাগবে, ভাবতেই আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। তিনি বলেন, ‘‘এক বছর ধরে ছেলের মতো আদর যত্নে লালন পালন করে বড় করেছি। প্রিয় ষাঁড়টি বিক্রি হবার পর যখন নিয়ে যাবে, তখন আমাদের সবারই কষ্ট হবে। তারপরও কিছু করার নেই। বিক্রি তো করতেই হবে।’’
ঢাকা/বকুল