ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে ৭ কিলোমিটার যানজট
নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগঁওয়ে রবিবার সকালে যানজট দেখা দেয়।
কুমিল্লার দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল থেকে মহাসড়কের সাত কিলোমিটারজুড়ে যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকেরা।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টা থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজট শুরু হয়। পরে তা ধীরে ধীরে মেঘনা টোলপ্লাজা থেকে মদনপুর বাসস্ট্যান্ড ছাড়িয়ে যায়। ফলে ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।
সরেজমিনে দেখা যায়, অনেকেই গাড়ি থেকে নেমে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশুসহ দূরপাল্লার যাত্রীরা। তীব্র গরম ও দীর্ঘ অপেক্ষার কারণে তাদের ভোগান্তি বেড়েছে।
ট্রাকচালক মিজান মিয়া বলেন, “ঢাকা থেকে গার্মেন্টসের মালামাল নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যানজট থাকায় এখনো রাস্তায় বসে আছি। এভাবে ঈদের আগে যানজট দেখা দিলে আমাদের পরিবার নিয়ে ঈদ করাটাই কষ্ট হয়ে যাবে।”
হানিফ পরিবহনের যাত্রী বিলকিস বেগম বলেন, “ঈদ উপলক্ষে নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। রাস্তায় যানজটের কারণে অসুস্থ হয়ে পড়েছি। কখন যানজট শেষ হবে, আল্লাহ ভোলো জানেন।”
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, “দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে। যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।”
ঢাকা/অনিক/মাসুদ
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে