ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বস্তির ঈদযাত্রা
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের ভিড়
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে নিবিঘ্নে ও স্বস্তিতে নিজ নিজ ঠিকানায় ছুটছেন দক্ষিণবঙ্গের ঘরমুখী মানুষ।
আজ সোমবার (২৫ মে) বৃষ্টিস্নাত সকাল থেকেই দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশপথ হিসেবে খ্যাত ওই মহাসড়কে ঈদযাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেড়েছে। তবে আধুনিক এই মহাসড়কে কোনো ধরনের দুর্ভোগ ও বিড়ম্বনা ছাড়াই বরাবরের মতোই স্বস্তিতে গন্তব্যে যাচ্ছেন দক্ষিণবঙ্গের যাত্রীরা।
ঈদের দীর্ঘ ছুটিকে সামনে রেখে রবিবার (২৪ মে) রাত থেকেই নাড়ির টানে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। বরাবরের মতো এবারের ঈদযাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে।
হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ৬টি টিম কাজ করছে। এর মধ্যে ৪টি স্থানে চেকপোস্ট ও ২টি মোবাইল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে।
পদ্মা সেতুতে পারাপার দ্রুত ও নিবিঘ্ন করতে ৮টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা দুটি অতিরিক্ত লেন সংযুক্ত করা হয়েছে।
ঢাকা/রতন/ফিরোজ
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে