বগুড়ায় বাসচাপায় মা-মেয়ে নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বগুড়ার কাহালুতে বাসচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজীপাড়া এলাকার বাবুল তালুকদারের স্ত্রী জেসমিন খাতুন (৪৫) ও তার মেয়ে তনু আক্তার (২০)। আহত শাওন মিয়া (১৮) একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার ডাক্তার দেখিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন মা-মেয়ে। কাজীপাড়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৫০ গজ পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী এভারগ্রীন পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। আহত হন অটোরিকশাচালক শাওন মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
ঢাকা/এনাম/রাজীব
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে