ঢাকা     সোমবার   ০১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৮ ১৪৩৩ || ১৫ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৮

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ১ জুন ২০২৬  
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৮

ময়মনসিংহে বাড়ছে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে।

এদিকে, একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরো ৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (১ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান। 

তিনি জানান, মারা যাওয়া শিশুটির বয়স দুই বছর। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। গত ৩০ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায়ও আক্রান্ত ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১০২ শিশু। গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে হাম আক্রান্ত মোট এক হাজার ৭৭৩ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৬২৭ শিশু।

চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। হাঁচি-কাশি কিংবা আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শের মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বলেও জানান তারা।

ঢাকা/মিলন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়