ঈদের ছুটি শেষে খুলছে অফিস-আদালত
ফাইল ফটো
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে।
এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি ছিল। দীর্ঘ ছুটি কাটিয়ে সোমবার (১ জুন) কর্মস্থলে ফিরছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। রবিবার থেকেই সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়ে যায়। এর প্রভাব আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের বাড়তি চাপ হিসেবে দেখা যাচ্ছে।
ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় অনেক প্রতিষ্ঠানে কাজের গতি কিছুটা ধীর। সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং ছুটির অভিজ্ঞতা ভাগাভাগিতেও সময় কাটাতে দেখা গেছে অনেককে।
গত ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার প্রথমে ছয় দিনের ছুটি ঘোষণা করলেও পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরো একদিন ছুটি বাড়ানো হয়। ফলে মোট সাত দিনের ছুটি ভোগ করেন সরকারি চাকরিজীবীরা। একই সুবিধা পান ব্যাংক, বিমা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও।
ছুটি সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহন এই ছুটির আওতার বাইরে ছিল।
ঢাকা/এএএম/ইভা