সৈয়দপুরে পেট্রোলের আগুনে বৃদ্ধের মৃত্যু, লাশ নিয়ে বিক্ষোভ
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মামলা না নেওয়ায় মারা যাওয়া ব্যক্তির মরদেহ নিয়ে সৈয়দপুর থানার সামনে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী।
নীলফামারীর সৈয়দপুরে নির্মাণাধীন বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনদিনেও মামলা গ্রহণ না করার অভিযোগ তুলে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকা থেকে শতাধিক মানুষ নিহত আফাজ উদ্দিনের (৬২) মরদেহ নিয়ে সৈয়দপুর শহরে প্রবেশ করেন। পরে বিক্ষোভ মিছিল শেষে তারা সৈয়দপুর থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং শেরে বাংলা সড়ক অবরোধ করেন। ফলে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ মামলা নথিভুক্ত হয়। বিক্ষোভকারীরা থানার অফিসার ইনচার্জের (ওসি) অপসারণ দাবি করেন।
স্থানীয় সূত্র জানায়, গত ৩ জুন ভোরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের কাচারীপাড়ায় আফাজ উদ্দিনের বড় ছেলে নুর হোসেনের নির্মাণাধীন বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে আগুন দেয়। এ সময় বাড়িতে অবস্থানরত আফাজ উদ্দিন আগুনে দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দুপুরে আফাজ উদ্দিন মারা যান।
নিহতের ছোট ছেলে আবু বকর সিদ্দিকের দাবি, প্রায় পাঁচ মাস আগে গাছের ঝরা পাতা কুড়ানোকে কেন্দ্র করে একই ইউনিয়নের মাঝাপাড়া এলাকার আব্দুস সালাম চঞ্চলের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই তার বড় ভাইকে হত্যার উদ্দেশ্যে নির্মাণাধীন ঘরে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়া হয়। ভাই সেখানে না থাকায় তাদের বাবা প্রাণ হারান।
তিনি অভিযোগ করেন, ঘটনার পর থানায় অভিযোগ দেওয়া হলেও তিনদিনে মামলা গ্রহণ করা হয়নি। উল্টো আপস-মীমাংসার জন্য চাপ দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা। তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগে ত্রুটি থাকায় তা সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছিল। সোমবার মামলা নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/কাওছার/মাসুদ
দেশের সব মানুষের কথা বিবেচনায় নিয়ে এবারের বাজেট: অর্থমন্ত্রী