ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র চলছে: ছাত্র-জনতা

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ৮ মার্চ ২০২৫   আপডেট: ২২:২৯, ৮ মার্চ ২০২৫
আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র চলছে: ছাত্র-জনতা

বিদেশী বা অন্য কোন মহলের চাপে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থানরত ছাত্র জনতা।

তাদের দাবি, এই ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসেবেই নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির ও উগ্রবাদীদের মাঠে নামানো হয়েছে। যার সুস্পষ্ট মতলব হলো- জনপরিসরে বিতর্কিত ধর্মীয় সংগঠন জায়গা করে নিতে পারলে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকেও পুনর্বাসন করানো যাবে।

আরো পড়ুন:

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজু ভাস্কর্যে এক সংবাদ সম্মেলনে ছাত্র-জনতার পক্ষ থেকে এসব কথা বলেন গণঅবস্থানের সংগঠক ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ।

তিনি বলেন, “আমরা গত ২৪ দিন ধরে ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগ ও দোসর দলগুলোকে নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যে লাগাতার গণঅবস্থান পালন করছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা এ পর্যন্ত কোন বক্তব্য পাইনি। এমনকি রাজনৈতিক দলগুলোও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোন কথা বলছে না।”

তিনি আরও বলেন, “এর মধ্যে আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে তার কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি দিয়ে এসেছি। তবে আমরা তার কাছ থেকে কোন সাড়া পাইনি। বরং বিস্ময়কর ব্যাপার হলো, প্রধান উপদেষ্টা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন আসবে কি না। তার এ বক্তব্য মূলত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের দুরভিসন্ধির অংশ। আমরা মনে করি বিদেশী বা অন্য কোন মহলের চাপে এ ধরণের বক্তব্য আসছে। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

আব্দুল ওয়াহেদ বলেন, “অন্তর্বর্তী সরকার জুলাইয়ের শহীদদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে। প্রধান উপদেষ্টাসহ সরকারের কেউই নির্বাচিত নয়। তাদের গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করে ছাত্র-জনতা ক্ষমতায় বসিয়েছে। এখন তারা যদি বলে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তাদের কাজ নয়, তবে এটি জুলাই বিপ্লবের সঙ্গে বেইমানি ছাড়া আর কিছুই নয়।”

আব্দুল ওয়াহেদ আরো বলেন, “আমরা দেখছি ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জুলাই বিপ্লবের পরেও এ অবস্থা চলছে মূলত ফ্যাসিবাদী আমলে সঙ্ঘটিত নারী নির্যাতনের বিচার বাস্তবায়ন না হওয়ায়। অন্তর্বর্তী সরকার যদি সাড়াশি অভিযান চালিয়ে নারী নির্যাতকদের ধরত, তাহলে নতুন নারী নির্যাতকরা আর সাহস পেত না। কিন্তু সরকার আগের নির্যাতকদের যেমন ধরছে না, তেমনি বর্তমান নির্যাতকদেরও ছাড় দিচ্ছে।’

“গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদের সময় নারীরা যেভাবে নির্যাতিত হয়েছে, অন্তর্বর্তী সরকারের ৭ মাসে পরিস্থিতি তেমনই রয়ে গেছে,’ যুক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান, আব্দুস সালাম, কেন্দ্রীয় সদস্য তপু তৌহিদ, ওয়াসিম আহম্মেদ, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, ফারজায়ান আহসান কৃতিত্ব, ও ওয়ালিদ প্রমুখ।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়