ঢাবিতে ৩ কার্যদিবসের মধ্যে অফিসিয়াল নথি উপস্থাপনের নির্দেশ
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে গতি আনতে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থবিরতা কাটিয়ে দ্রুত সিদ্ধান্ত নিশ্চিত করতে এখন থেকে সব নোট বা নথি সর্বোচ্চ তিন কার্যদিবস, অর্থাৎ ৭২ ঘণ্টার মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে।
বুধবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব অফিস, বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হলে ইতোমধ্যে এ নির্দেশনা পাঠানো হয়েছে এবং তা কার্যকর করার প্রক্রিয়াও শুরু হয়েছে।
নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, কোনো দাপ্তরিক নথি বা ফাইল অযথা আটকে রাখার সুযোগ আর থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা পরবর্তী ধাপে পাঠাতে হবে।
এছাড়া, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও শৃঙ্খলার বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্ধারিত কর্মঘণ্টায় নিজ নিজ দপ্তরে উপস্থিত থেকে দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। অনিয়মিত উপস্থিতি রোধে ছুটি গ্রহণের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, এখন থেকে যেকোনো ছুটি নেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগের ফলে প্রশাসনিক কাজের গতি বাড়বে এবং শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দ্রুত পাওয়া যাবে। একই সঙ্গে নথিপত্রের দীর্ঘসূত্রতা কমে এসে সামগ্রিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো নিশ্চিত হবে।
ঢাকা/সৌরভ/জান্নাত
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবে গেছে বাস, বহু হতাহতের শঙ্কা