ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জাবিতে চারদিনব্যাপী নাট্য পার্বণ শুরু

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১৩ মে ২০২৬  
জাবিতে চারদিনব্যাপী নাট্য পার্বণ শুরু

‘রক্তিম ধরা শুচি হোক সংস্কৃতির শুদ্ধতায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর থিয়েটারের উদ্যোগে বুধবার (১৩ মে) থেকে ১৬ মে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে ৪ দিনব্যাপী ‘নাট্য পার্বণ ২০২৬’। আয়োজনজুড়ে থাকবে নাট্য প্রদর্শনী, পুনর্মিলনী ও চলচ্চিত্র প্রদর্শনী।

মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ১৩ নম্বর কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, “বর্তমান বিশ্বে যুদ্ধ, সহিংসতা, বিভাজন ও মানবিক বিপর্যয়ের নির্মম বাস্তবতার বিপরীতে সংস্কৃতির শক্তিকে মানবতার অন্যতম আশ্রয় হিসেবে তুলে ধরার প্রত্যয় থেকেই এবারের নাট্য পার্বণের আয়োজন করা হয়েছে।

তারা জানান, শিল্প, নাটক ও সংস্কৃতির মাধ্যমে মানবিক চেতনা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। চারদিনের এ আয়োজনে থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী, পুনর্মিলনী ও চলচ্চিত্র প্রদর্শনী।

আয়োজকরা আরো জানান, ১৩ মে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিদিন সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে নাট্য পার্বণের বিভিন্ন আয়োজন। ১৪ মে মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক ‘বিধিবাম’ এবং ১৫ মে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত ‘পাকে বিপাকে’।

সমাপনী দিনে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী ও ‘সিটি অব ডেথ’ চলচ্চিত্র প্রদর্শনী, যার চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন মঈন উদ্দীন পাঠান।
এ আয়োজনে সংস্কৃতিপ্রেমী দর্শক, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়