জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত হলসংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বহিরাগতের বিরুদ্ধে। ক্যাম্পাসের ভেতরে এমন ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের বর্ধিতাংশ ও পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ওই শিক্ষার্থী ক্যাম্পাসের সড়ক দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। পরে ফজিলাতুন্নেছা হলসংলগ্ন সড়কে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে তার গলায় রুমাল বা দড়িসদৃশ কিছু পেঁচিয়ে ধরে টেনে-হিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে যায়।
এ সময় সড়ক দিয়ে মোটরসাইকেলে করে কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিলেন। ভুক্তভোগীর চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা জঙ্গলের পাশ থেকে ওই শিক্ষার্থীকে আতঙ্কিত অবস্থায় উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকালে তার পায়ে জুতো ছিল না এবং শরীর ও পোশাকে কাদা-মাটি লেগে ছিল।
ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় খবর দিলে নিরাপত্তা কর্মকর্তা ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। একইসঙ্গে অভিযুক্তকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করি। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীও তাকে শনাক্ত করেছেন।”
তিনি আরো বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং উপাচার্যের সঙ্গে আলোচনা করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের আরো স্পষ্ট তথ্য সংগ্রহের কাজ চলছে।”
ঢাকা/আহসান/জান্নাত