৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা দিল সিনোভ্যাক
সরকারের জাতীয় টিকাদান কর্মসূচি আরো জোরদার করতে চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে টিকা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের সংস্কৃতি কাউন্সেলর লী সাওপোং এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের প্রধান ব্যবসায়িক পরিচালক লী নিং।
সিনোভ্যাকের তৈরি ৭৬ হাজার ৬১৬ শিশি পোলিও টিকা পোলিওমায়েলাইটিস ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড সাবিন স্ট্রেইনস এসআইপিভি ইপিআইয়ের সংরক্ষণাগারে পৌঁছেছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “দুঃসময়ে সিনোভ্যাকের টিকা অনুদানের জন্য চীনের কাছে আমরা কৃতজ্ঞ। অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন সবসময় বাংলাদেশের পাশে থেকেছে, আজও তার প্রমাণ মিলল।”
তিনি জানান, হামের টিকা কার্যক্রম প্রায় শেষ। ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় সব শিশুকে টিকা দেওয়া হয়েছে। বাকিদেরও শিগগিরই টিকার আওতায় আনা হবে। পোলিও, যক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় টিকার ঘাটতি নেই। শিগগিরই ভিটামিন-এ ক্যাপসুল অভিযান শুরু হবে। ডেঙ্গু মোকাবিলায় মাঠ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে সংখ্যা বাড়ানো হবে।
সিনোভ্যাকের প্রধান ব্যবসায়িক পরিচালক লী নিং বলেন, “বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। আশা করি, এই অনুদান ইপিআইকে আরো শক্তিশালী করবে এবং পোলিও নির্মূল কাজে ভূমিকা রাখবে। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে আমরা ভবিষ্যতেও পাশে থাকব।”
অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ইপিআই, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/ইভা