ঢাকা     শনিবার   ২০ জুন ২০২৬ ||  আষাঢ় ৬ ১৪৩৩ || ৪ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাকৃবিতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ডুয়াল ডিগ্রি উদ্যোগ

বাকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২০ জুন ২০২৬  
বাকৃবিতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ডুয়াল ডিগ্রি উদ্যোগ

উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ অংশীদারত্ব সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বৈত ডিগ্রি কর্মসূচি চালুর লক্ষ্যে একটি জাতীয় কাঠামো (ন্যাশনাল ফ্রেমওয়ার্ক) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

শনিবার (২০ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

সভার প্রতিপাদ্য ছিল “ডেভেলপমেন্ট অব আ ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর জয়েন্ট পার্টনারশিপ ইন হায়ার এডুকেশন সেক্টর বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেটস অব আমেরিকা”।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলব্রাইট স্পেশালিস্ট ও উচ্চশিক্ষা নীতি বিশেষজ্ঞ ড. গ্রেস মুকুপা। তিনি বর্তমানে ইউজিসির আমন্ত্রণে বাংলাদেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বাস্তবসম্মত আন্তর্জাতিক ডুয়াল ডিগ্রি কাঠামো তৈরিতে কাজ করছেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে গ্রেস মুকুপা বলেন, “কোনো বিদেশি মডেল চাপিয়ে দেওয়া নয়, বরং বাংলাদেশের বিদ্যমান নীতিমালা, শিক্ষা কাঠামো ও বাস্তবতাকে বিবেচনায় নিয়ে একটি টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন রূপরেখা তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই কাঠামো বাংলাদেশ নিজেই পরিচালনা, সম্প্রসারণ এবং উন্নয়ন করতে পারবে।”

তিনি জানান, প্রাথমিকভাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‘টু প্লাস টু’ মডেল চালুর পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা প্রথম দুই বছর বাংলাদেশে এবং পরবর্তী দুই বছর যুক্তরাষ্ট্রের অংশীদার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করবেন। সফলভাবে কোর্স সম্পন্ন করলে তারা উভয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সভায় উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য আনার বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুযায়ী ক্রেডিটকে যুক্তরাষ্ট্রের কার্নেগি ইউনিট পদ্ধতির সঙ্গে সমন্বয় করা। পাশাপাশি পাঠ্যক্রমের সামঞ্জস্য, ক্রেডিট স্থানান্তর এবং শিক্ষার্থীদের অর্জনের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, “বর্তমান বিশ্বে উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সময়ের দাবি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ অংশীদারত্ব এবং ডুয়াল ডিগ্রি চালু হলে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জনের আরো সুযোগ পাবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায় এবং এর বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা দেবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়া, উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক মো. আব্দুল আলীম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক জি. এম. মুজিবর রহমান, ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমিরুল ইসলাম এবং অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. রুহুল আমিন।

এছাড়া, অনুষ্ঠানের সমন্বয়ক অধ্যাপক মো. সামছুল আলম, আইআইএফএস-এর পরিচালক অধ্যাপক মো. মাহবুব আলম, রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক হুমায়ুন কবির, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. জহিরুল আলম এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক মো. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। বিভিন্ন অনুষদের শিক্ষার্থী প্রতিনিধি এবং বিদেশি শিক্ষার্থীরাও সভায় অংশ নেন।

ঢাকা/লিখন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়