জনশক্তি রপ্তানীর নতুন বাজার আজারবাইজান
|| রাইজিংবিডি.কম
ডেস্ক রিপোর্ট
ঢাকা, ১১ জুন : ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান বাংলাদেশ থেকে জনশক্তি নেবে। এ লক্ষ্যে শিগগিরই দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে দেশটি।
গতকাল সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী শাহিন মুস্তাফায়েভ ও অভিবাসন সেবা বিভাগের প্রধান (অভিবাসনমন্ত্রী) ফিরুদিন নাবিয়েভের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাক্ষাৎকালে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।
আজারবাইজানের প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া বাংলাদেশ ও আজারবাইজান- উভয় পক্ষই যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের ব্যাপারে রাজি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনের জন্য ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) দাতা সম্মেলনে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো আজারবাইজান সফর করছেন।
পররাষ্ট্রমন্ত্রী আজারবাইজানের প্রেসিডেন্টকে বাংলাদেশে দূতাবাস খোলার অনুরোধ জানান। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের পেট্রো-কেমিক্যাল সায়েন্স পড়তে বৃত্তি দেওয়ারও অনুরোধ জানান তিনি।
বৈঠকগুলোতে আজারবাইজানে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকুর রহমান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/এফএস/এলএ
রাইজিংবিডি.কম
দেশের সব মানুষের কথা বিবেচনায় নিয়ে এবারের বাজেট: অর্থমন্ত্রী