‘সরকার যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায়’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বৈঠক হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কার্যকর ও টেকসই অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বৈঠক হয়। বাণিজ্যমন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন নতুন খাতে বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী করার যথেষ্ট সুযোগ রয়েছে।
বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরো জোরদার করা এবং সম্ভাবনাময় খাতে নতুন বিনিয়োগ আকর্ষণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলের চা শিল্পের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের চা শিল্পে যুক্তরাজ্যের অতীত বিনিয়োগের অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই খাতে বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে।
তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে দেশের সার কারখানাগুলো পুরো বছর চালু রাখা সম্ভব হচ্ছে না। এলপিজির মাধ্যমে বছরজুড়ে সার কারখানা পরিচালনার জন্য বিদেশি বিনিয়োগ প্রয়োজন। এ সময় তিনি ব্রিটিশ বিনিয়োগকারীদের সার কারখানায় বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বমূলক বাণিজ্য সম্পর্ক আরো এগিয়ে নিতে তার দেশ আগ্রহী। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড নেগোসিয়েশন পুলে যুক্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করার আগ্রহও প্রকাশ করেন।
এ ছাড়া তিনি সিলেটের চা বাগান, সীফুড, লেদার প্রসেসিং, রপ্তানি বহুমুখীকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহের কথা জানান।
বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/বকুল