ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুঁজিবাজার আধুনিকায়নে এডিবির প্রস্তাবিত সহায়তা চায় বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ১৫ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:০৬, ১৫ এপ্রিল ২০২৬
পুঁজিবাজার আধুনিকায়নে এডিবির প্রস্তাবিত সহায়তা চায় বিএসইসি

দেশের পুঁজিবাজারের অবকাঠামো উন্নয়ন, বাজার মূলধন বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধরাবাহিকতায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি সহায়তার প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ‘টেকসই অর্থায়ন ও পুঁজিবাজার উন্নয়ন সাব-প্রোগ্রাম-১’ এর আওতায় বিএসইসিকে এই সহায়তা দেবে এডিবি।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো এক চিঠিতে এডিবির কারিগরি সহায়তার প্রস্তাব গ্রহণের বিষয়ে আগ্রহের কথা জানিয়েছে বিএসইসি। চিঠিতে এডিবির সঙ্গে হওয়া আলোচনার বিস্তারিত তথ্য ইআরডি সচিবকে অবহিত করা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, এর আগে এডিবির পক্ষ থেকে পাঠানো খসড়া সহায়ক স্মারকলিপিতে ‘খসড়া এইড মেমোয়ার’ এই কারিগরি সহায়তার প্রস্তাব দেওয়া হয়। পরে  চলতি বছরের ১২ জানুয়ারি বিএসইসি এ বিষয়ে প্রাথমিক আগ্রহ প্রকাশ করে ইআরডিতে চিঠি পাঠায়। সর্বশেষ চিঠিতে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, টেকসই অর্থায়ন এবং আধুনিক পুঁজিবাজার বিনির্মাণে তারা এই বৈশ্বিক সংস্থার বিশেষজ্ঞ সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা নিতে আগ্রহী।

প্রস্তাবিত সহায়তার মাধ্যমে পুঁজিবাজার অবকাঠামো আধুনিকীকরণ, প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হবে। পাশাপাশি বাজার মূলধন বৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করে কমিশন।

বিএসইসি পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, এডিবি “সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট সাবপ্রোগ্রাম-১”-এর আওতায় বিএসইসিকে কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। কমিশন এই কারিগরি সহায়তা গ্রহণে আগ্রহী, যা পুঁজিবাজারের অবকাঠামো আধুনিকীকরণ, বাজার মূলধন বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে ব্যবহার করা হবে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, গত ৯ মার্চ বিএসইসি এবং এডিবির প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কারিগরি সহায়তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনার সারসংক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগতির জন্য পাঠানো হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক সংস্থার সহায়তা পেলে দেশের পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং টেকসই অর্থায়ন খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে। এডিবির মতো উন্নয়ন সহযোগী সংস্থার কারিগরি সহায়তা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারকে আরও আধুনিক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সক্ষম হবে।

এদিকে গত ৯ মার্চ এডিবির সঙ্গে অনুষ্ঠিত সভা প্রসঙ্গে বিএসইসি জানায়, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে এডিবি। বিশেষ করে একটি কার্যকর বন্ড গ্যারান্টি ফান্ড গঠনের জন্য সম্ভাব্য মডেল নির্ধারণে সমীক্ষা পরিচালনা এবং বাস্তবায়নের জন্য উপযুক্ত সরকারি প্রতিষ্ঠান চিহ্নিত করতে সহায়তা দেওয়ার বিষয়েও এডিবি আগ্রহ ব্যক্ত করেছে। সভায় উভয় পক্ষ দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত ক্যাপিটাল মার্কেট ডায়াগনস্টিক সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে দেশের জিডিপির তুলনায় পুঁজিবাজারের আকার বর্তমান প্রায় ১০ শতাংশ থেকে কমপক্ষে ৪০ শতাংশে উন্নীত করারে লক্ষ্য নিয়ে কমিশন কাজ করছে। এ লক্ষ্য অর্জনের জন্য বৃহৎ আকারের কোম্পানি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আকৃষ্ট করার বিষয়ে কর ও অন্যান্য নীতিগত সংস্কারের বিষয়েও সভায় এডিবির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানায় বিএসইসি।

ঢাকা/এনটি//

সর্বশেষ

পাঠকপ্রিয়