মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণে দেশবন্ধু ফুডের উদ্যোগ
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড মালয়েশিয়ায় বাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান গোলাম মোস্তাফা বর্তমানে মালয়েশিয়া সফর করছেন। মূলত দেশবন্ধু গ্রুপের পণ্যের বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধি এবং মালয়েশিয়ায় ব্র্যান্ডের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি এই মার্কেট ভিজিটে অংশ নিয়েছেন।
প্রতিষ্ঠানটি বলছে, তারা প্রতি মাসে প্রায় ১০ কন্টেইনার বিভিন্ন ধরনের বেভারেজ ও খাদ্যপণ্য মালয়েশিয়ায় রপ্তানি করছে। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়তে থাকায় প্রতিষ্ঠানটি এখন আরও বৃহৎ পরিসরে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।
সফরকালে গোলাম মোস্তাফা মালয়েশিয়ায় দেশবন্ধু পণ্যের আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে একাধিক আনুষ্ঠানিক বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। এসব বৈঠকে ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, বাজার সম্প্রসারণ এবং নতুন পণ্য সংযোজন নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। পাশাপাশি আধুনিক বিপণন কৌশল, ডিজিটাল মার্কেটিং, সুপারশপ ও খুচরা বাজারে পণ্যের উপস্থিতি বৃদ্ধি এবং নতুন নতুন বেভারেজ ও খাদ্যপণ্য বাজারে উন্মুক্ত করার বিষয় নিয়েও আলোচনা হচ্ছে।
সফরের অংশ হিসেবে চেয়ারম্যান মালয়েশিয়ার বিভিন্ন পাইকারি ও খুচরা মার্কেট পরিদর্শন করছেন। তিনি দেশবন্ধু গ্রুপের পণ্য বিক্রয়কেন্দ্র ও আউটলেট ঘুরে দেখেন এবং সরেজমিনে পণ্যের ডিসপ্লে, গ্রাহকদের আগ্রহ, বাজারের চাহিদা ও বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বিক্রয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গ্রাহকদের রুচি ও চাহিদা বিবেচনায় এনে নতুন পণ্য উদ্ভাবনের পরামর্শ দেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, দেশবন্ধু গ্রুপের এই উদ্যোগ মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান আরও সুদৃঢ় করবে। একইসঙ্গে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়ানোর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি