এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার অনুরোধ সরকারের
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ অন্তত তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের কাছে অনুরোধ জানিয়েছে সরকার। প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার সম্পন্ন করে মসৃণ উত্তরণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের বহিঃখাত এখনো সীমিত কয়েকটি পণ্য ও স্বল্পসংখ্যক বাজারের ওপর নির্ভরশীল। এলডিসি থেকে উত্তরণের পর শুল্কসুবিধা, বাজারে বিশেষ প্রবেশাধিকার এবং স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া বিভিন্ন নীতিগত সুবিধা ধীরে ধীরে কমে আসবে। ফলে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে দেশের অর্থনীতি ও রপ্তানি খাতকে আরো শক্তিশালী করা প্রয়োজন।”
তিনি বলেন, “পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শ্রম ও দক্ষ মানবসম্পদের উন্নয়ন এবং রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”
অর্থমন্ত্রী বলেন, “এ বাস্তবতায় আমাদের সরকার এলডিসি গ্র্যাজুয়েশন অন্তত তিন বছর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে, যাতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার সম্পন্ন করা যায় এবং একটি মসৃণ ট্রানজিশন সম্ভব হয়।”
তিনি জানান, এলডিসি উত্তরণের পর উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করছে।
ঢাকা/নজরুল/সাইফ