ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রেমিট্যান্সে আরও এক শতাংশ প্রণোদনা বাড়ানো উচিৎ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:৪৩, ২৯ ডিসেম্বর ২০২১
‘রেমিট্যান্সে আরও এক শতাংশ প্রণোদনা বাড়ানো উচিৎ’

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে প্রণোদনা আরও এক শতাংশ বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। রেমিট্যান্সে বর্তমানে ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হয়।

বুধবার (২৯ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে দৈনিক বণিক বার্তার আয়োজনে বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

আরো পড়ুন:

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. সালেহউদ্দিন আহমেদ, ড. আতিউর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।

সিটি ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মাসরুর আরেফিনের স্বাগত বক্তব্যের মাধ্যামে এ সম্মেলন শুরু হয়। সঞ্চালনা করেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

আতিউর রহমান বলেন, কভিড-১৯ এর কারণে অর্থনৈতিক পুনরুদ্ধারে সবচেয়ে বড় যে তিনটি খাত ভূমিকা রেখেছে তার মধ্যে রেমিট্যান্স অন্যতম।  যে কারণে রেমিট্যান্সে প্রণোদনা আরও এক শতাংশ বাড়ানো উচিৎ।

সাবেক এই গভর্নর আরও বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধারে দেশের কৃষি খাত ছিল রক্ষাকবচ। এরপরই ভূমিকা রেখেছে প্রবাসী আয় ও রফতানি খাত। এছাড়া টেকসই অর্থনীতি বাস্তবায়নে আটটি সুপারিশ করেন তিনি।

প্রবাসী বন্ড কেনায় এক কোটি টাকার যে সীমা নির্ধারণ আছে সেটাকে তুলে নেওয়ার সুপারিশ করে তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে প্রয়োজনে এক কোটি টাকার উপরে বন্ডে বিনিয়োগের সুদহার কমানো যেতে পারে।

দেশের অর্থনীতিতে বৈষম্য থাকা সত্ত্বেও অর্থনৈতিক সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে মন্তব্য করেন আতিউর রহমান। তিনি বলেন, করোনাকালে সারা পৃথিবীর অর্থনীতি যখন ধসে গেছে, বাংলাদেশের অর্থনীতি তখনো দাঁড়িয়েছিল।  এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের ফলে।

আতিউর রহমান বলেন, করোনার ফলে আমাদের আমদানি বেড়েছে ৫৪ শতাংশ। আশার কথা হলো, এর বেশিরভাগই কাঁচামাল।  ফলে এটা শিল্পের জন্য সম্ভাবনা সবচেয়ে বেশি।

/এনএফ/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়