ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে স্মার্টফোনের আওতায় আনার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১৫ ফেব্রুয়ারি ২০২২  
বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে স্মার্টফোনের আওতায় আনার পরিকল্পনা

ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির আওতায় ২০২৩ সালের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শতভাগ শিক্ষার্থীকে স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইসের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। একই সময়ে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টারনেট কানেক্টিভিটি শতভাগ নিশ্চিত করা এবং ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

এছাড়া, ২০২৫ সালের মধ্যে ৫০ ভাগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ডেটা সেন্টারে সুযোগ দেওয়া এবং ২০৩১ সালের মধ্যে চাহিদার ভিত্তিতে শতভাগ শিক্ষার্থীকে ল্যাপটপের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উচ্চ শিক্ষায় ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি সংক্রান্ত মহাপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক উপ-কমিটির ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান ইউজিসির চেয়ারম্যান।

সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড.বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারসহ বিভিন্ন বিশ্বদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশ নেন।

অনসাইট, অনলাইন ও টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমের শিক্ষা পদ্ধতিকে একত্রিত করে ইউজিসি সম্প্রতি ব্লেন্ডেড এডুকেশন নীতিমালা তৈরি করে। ইউজিসি এ নীতিমালা বাস্তবায়নের রূপরেখাও প্রণয়ন করেছে। মঙ্গলবার ব্লেন্ডেড শিক্ষাবিষয়ক জাতীয় টাস্ক ফোর্সের কাছে তা উপস্থাপন করে ইউজিসি। 

সভায় ইউজিসির চেয়ারম্যান বলেছেন, ‘আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও ডিজিটাল ডিভাইড দূরীকরণে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতিতে স্মার্টফোন/ডিভাইস ও ইন্টারনেট কানেক্টিভিটির বিষয় যুক্ত করা হয়েছে। এছাড়া, ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির আওতায় ২০২৩ সালের মধ্যে অন্তর্ভুক্তিমূলক উচ্চ শিক্ষা ও সবার শিক্ষায় সমানাধিকার বা ন্যায়পরায়নতার ভিত্তিতে সুযোগ সৃষ্টির বিষয়টি নিশ্চিত করা হবে।‘

সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির রূপরেখা তুলে ধরেন। রূপরেখায় ২০২৩ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ওপেন এডুকেশনাল রিসোর্স, ভিডিও কনফারেন্সিং সিস্টেম, ডিজিটাল স্টুডিও সেবা ও স্মার্ট ক্লাসরুমের সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বিশ্বজিৎ চন্দ বলেছেন, ‘২০৩১ সালের মধ্যে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় পরিচালিত গবেষণায় চৌর্যবৃত্তি ধরতে অ্যান্টি প্লেজিয়ারিজম সফটওয়্যারের ব্যবহার শতভাগে উন্নীত করার পরিকল্পনা রূপরেখায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’ 

ইয়ামিন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়