সন্তান জন্মের পর অনিক দায়িত্বশীল আচরণ করত না: শাবনূর
অনেকের স্বপ্নের নায়িকা শাবনূর। হঠাৎ তার সংসার ভাঙনের খবর যেন মেনে নিতে পারছেন না শাবনূর ভক্তরা। এ সংবাদ ‘ভুল’ বলে অনেকে মন্তব্য করছেন।
কেন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন শাবনূর? এ প্রশ্ন যখন ভক্তদের মনে ঘুরছিল, ঠিক তখন মুখ খুলেছেন এই অভিনেত্রী। সিডনি থেকে শাবনূর বলেন, ‘সন্তান জন্মের পর অনিক পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ করত না। অনেকবার বলার পরও তার দায়িত্ব আর আচরণগত পরিবর্তন আসেনি। তাই ভাবলাম, এভাবে থাকার চেয়ে না থাকাই ভালো।’
‘সন্তান জন্মের পর থেকে আমাদের দূরত্ব তৈরি হয়। এছাড়া অনেকগুলো বিষয়ে মতের অমিল হওয়ায় আমরা আলাদা থাকা শুরু করি। ভেবেছিলাম, এক সময় উপলব্ধিতে পরিবর্তন আসবে। কিন্তু তা আর হলো না। এরপর অনিকের বাবা-মায়ের সঙ্গে কথা বলি। অনেক চেষ্টার পরও বনিবনা হচ্ছিল না। তারপর ভাবলাম, এভাবে থাকার চেয়ে আলাদা থাকাই ভালো। আইনজীবীর মাধ্যমে ২৬ জানুয়ারি তালাক নোটিশ অনিকের বাসায় পাঠানো হয়।’ বলেন শাবনূর।
২০১১ সালের ৬ ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করেন শাবনূর। ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্রসন্তানের মা হন শাবনূর। পুত্রকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত
রাইজিংবিডি.কম