‘শুটিং নেই কিন্তু মাস শেষে ফ্ল্যাটের ভাড়া পাই’
বিপাশা কবির
একদিকে শুটিং বন্ধ, অন্যদিকে আগুন লেগে ব্যবসাটাও বন্ধ হয়ে গিয়েছে! কিন্তু করোনার এই পরিস্থিতিতে কীভাবে চলছেন? প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন চিত্রনায়িকা বিপাশা কবির। বিষয়টি নিয়ে রীতিমতো বিব্রত এই অভিনেত্রী।
বিপাশা কবির রাইজিংবিডিকে বলেন, অনেকেই প্রশ্ন করেন শুটিং বন্ধ কীভাবে চলছেন? এমন প্রশ্ন শুনে লজ্জা পাই। আমিতো আমার বাবার হোটেলে খাচ্ছি। আমার চলার সমস্যা হবে কেন? এছাড়া আমার নিজের একটি ফ্ল্যাট আছে। শুটিং নেই কিন্তু মাস শেষে ফ্ল্যাটের ভাড়া পাই। এ নিয়ে বেশ ভালোই আছি। তবে হ্যাঁ, আমাদের চলচ্চিত্রের কিছু শিল্পী ও কলাকুশলী সমস্যায় পড়েছেন। তাদেরকে শিল্পী সমিতি সহযোগিতা করছে।
শুটিংয়ে ফেরা প্রসঙ্গে বিপাশা কবির বলেন, কয়েকটি ওয়েব সিরিজ ও একটি মিউজিক ভিডিওর প্রস্তাব এসেছিল। কিন্তু আমি রাজি হইনি। কারণ এখনো করোনার প্রকোপ কমেনি বরং বেড়েছে। এই সময়ে শুটিং করা আমার মতে ঝুঁকিপূর্ণ। তাই কাজগুলো ছেড়ে দিয়েছি। বেঁচে থাকলে অনেক কাজ করা যাবে। করোনা মুক্ত নতুন একটি সকালের অপেক্ষা করছি।
দীর্ঘদিন চলচ্চিত্রের শুটিং বন্ধ থাকায় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। কেউ কেউ মানবেতর জীবন যাপন করছেন। এ পরিস্থিতিতে অনেকে সঞ্চিত অর্থ ব্যয় করছে কিংবা বাবার আয়ে জীবন যাপন করছেন।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত
রাইজিংবিডি.কম