ম্যানচেস্টার-সিলেট সরাসরি বিমান চালু হবে: শফিকুর রহমান
মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শনিবার কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে বিমান চালুর প্রতিশ্রুতি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা জামায়াত আয়োজিত কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
জামায়াত আমির বলেন, “সিলেটের লোকজন বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে আসছেন। পূর্ণমানের আন্তর্জাতিক বিমান বন্দর না থাকায় প্রবাসীরা দেশে আসা যাওয়া করতে বড় কষ্ট পান। এমনকি কোনো ভাইয়ের মৃত্যু হলে তার মরদেহটি সহজে দেশে আসতে পারে না।”
তিনি আরো বলেন, “প্রবাসে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনেছি। প্রবাসীদের ঘাম ঝড়ানো শ্রমে দেশের অর্থনীতি সচল হয়। আমি যদি রাষ্ট্রের ক্ষুদ্র কোনো দায়িত্ব পাই, তাহলে ম্যানচেস্টার-সিলেট সরাসরি বিমান চালু হবে। এমনটা করব। এটা করা সম্ভব।”
জেলা সভাপতি ইঞ্চিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের নেতারা।
ঢাকা/আব্দুল আজিজ/ইভা