আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করলেন এমডি
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
এফডিসির এমডির অপসারণসহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭ সংগঠন। এর মধ্যে একটি ছিলো এমডিকে এফডিসিকে ঢুকতে না দেয়া ও তার অপসারণ। রোববার (৩০ জানুয়ারি) আন্দোলন শুরুর আগেই এফডিসিতে ঢুকে পড়েন এমডি নুজহাত ইয়াসমিন।
গত ২৮ জানুয়ারি ছিলো শিল্পী সমিতির নির্বাচন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷ এ বিষয়টিকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। তাদের পক্ষে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এ তথ্য জানান।
আজ সকাল ৯টা থেকে এফডিসির ফটকে অবস্থান করবেন ১৭ সংগঠনের নেতা-কর্মীরা। প্রয়োজনে তাদের লাশের ওপর দিয়ে যেতে হবে এমডিকে—এমনটাই বলেছিলেন আন্দোলনকারীরা। কিন্তু আজ আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেন এমডি৷ এ নিয়ে ১৭ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
পরবর্তী কর্মসূচি কী হতে যাচ্ছে, জানতে চাইলে পরিচালক নেতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমরা শুনেছি এফডিসির এমডি গতকাল রাতেই এফডিসিতে ঢুকেছেন। তিনি আর বের হননি; অফিসেই আছেন। আমরা তার ব্যাপারে নতুন কর্মসূচির কথা ভাবছি।’
এদিকে এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘এমডি মহোদয় রোজকার মতো আজও সঠিক সময়ে অফিসে এসেছেন।’
১৭ সংগঠন সূত্রে জানা গেছে, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। সেইসঙ্গে এমডিকে অবরুদ্ধ করে রাখার কর্মসূচিও আসতে পারে। এদিকে এফডিসির এমডির অপসারণসহ আরও দুই দফা দাবি রয়েছে ১৭ সংগঠনের। সেগুলো হলো—শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা, শিল্পী সমিতির নির্বাচন আর কখনো এফডিসিতে হবে না।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত