ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইউটিউব থেকে মুছে ফেলা হলো ব্যাচেলর পয়েন্ট নাটকের আপত্তিকর পর্ব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২০:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২২
ইউটিউব থেকে মুছে ফেলা হলো ব্যাচেলর পয়েন্ট নাটকের আপত্তিকর পর্ব

বহুল আলোচিত ধারাবাহিক নাটক ‘ব‌্যাচেলর পয়েন্ট’। কাজল আরিফিন অমি নির্মিত এ নাটক ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে প্রচার হয়ে থাকে। বর্তমানে নাটকটির চতুর্থ সিজন চলছে। সম্প্রতি প্রচারিত এ নাটকের কয়েকটি পর্বের সংলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা শুরু হয়। এসব সংলাপকে ‘নোংরা’ বলে মন্তব্য করছেন নেটিজেনরা।

নেটিজেনদের আপত্তির মুখে সেসব পর্ব ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল ঘুরে দেখা যায়—চতুর্থ সিজনের ৭৪, ৭৫ ও ৭৬ তম পর্ব মুছে ফেলা হয়েছে। পাশাপাশি ধ্রুব টিভির ভেরিফায়েড ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো পড়ুন:

দর্শকদের প্রতি সম্মান রেখে এ পোস্টে বলা হয়েছে—‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের সম্প্রতি প্রচারিত পর্বের কিছু সংলাপ নিয়ে সম্মানিত দর্শকবৃন্দ আপত্তি জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। সম্মানিত দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের প্রচারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি।’

পরবর্তীতে নাটক প্রচারের বিষয়ে আরো সজাগ থাকার প্রতিশ্রুতি দিয়ে এ পোস্টে বলা হয়েছে, ‘ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরো সতর্ক হবো; যেন আমাদের সমাজ এবং সংস্কৃতির উপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া, এই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

নাটকটির অন্যতম প্রধান চরিত্র পাশা। এটি রূপায়ন করেছেন মারজুক রাসেল। সম্প্রতি প্রচারিত পর্বে তাকে একটি সংলাপে বলতে শোনা যায়—‘এই যৌনকর্মীর ছেলে।’ মূলত, এই সংলাপ নিয়ে শুরুতে আপত্তি জানান নেটিজেনদের কেউ কেউ। তারপর পুরো নাটকে বিভিন্ন সংলাপে ব্যবহৃত গালি সামনে নিয়ে আসেন নেটিজেনরা। এসব অশ্লীল সংলাপ সমাজে বিরূপ প্রভাব ফেলছে— এই অভিযোগ করে নাটকটি বয়কটের ডাক দেন তারা। আর তাতে নেটিজেনদের বড় একটি অংশ সহমত পোষণ করেন।

ব্যাচেলর পয়েন্ট নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, চাষী আলম, শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়