ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর পরিবেশ: জেমস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬
এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর পরিবেশ: জেমস

ভোট প্রদান করছেন নগর বাউল জেমস

সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন কিংবদন্তি ব্যান্ড তারকা নগর বাউল জেমস। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানী বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন মাহফুজ আনাম জেমস। এটি ঢাকা-১৭ আসনের অন্তর্গত।

আরো পড়ুন:

কেন্দ্রে যাওয়ার পর জেমসকে ঘিরে ধরেন তার ভক্তরা। ভোটারদের পাশাপাশি নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের সঙ্গেও সেলফি তুলেনে তিনি। পাশাপাশি নির্বাচন নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই তারকা। 

ভোট গ্রহণের পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন মাহফুজ আনাম জেমস। তিনি বলেন, “খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর। কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এ জন্য ধন্যবাদ।” 

প্রত্যাশা ব্যক্ত করে মাহফুজ আনাম জেমস বলেন, “সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকেন।” 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয়েছে বিকাল সাড়ে ৪টায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়