মেঘনা আলম কত ভোট পেয়েছেন?
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
মেঘনা আলম
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নির্বাচনের বেসরকারি ফলাফল রাত থেকে প্রকাশ শুরু হয়।
আগ্রহ-উদ্দীপনা নিয়ে ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্রে গিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। এবারে নির্বাচনে অংশ নেন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত ব্যক্তিত্ব মেঘনা আলম। ঢাকা-৮ আসন থেকে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন। কিন্তু কত ভোট পেয়েছেন মেঘনা আলম?
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, ট্রাক প্রতীকে সর্বমোট ৬০৮টি ভোট পেয়েছেন মেঘনা আলম। এ আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অপরদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
ঢাকা-৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন কে হাইতুল্লা। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। বাংলাদেশে কমিউনিস্ট পার্টির ত্রিদিব কুমার সাহা কাঁস্তে প্রতীকে পেয়েছেন ৭১৪ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জুবের আলম খান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭৩১ ভোট।
ইসলামিক ফ্রন্টের এসএম সাখাওয়াত মোমবাতি প্রতীকে পেয়েছেন ৩২৬ ভোট। জনতার দলের মাহমুদ গুলাম সারোয়ার কলম প্রতীকে পেয়েছেন ১৩৯ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. রাসেল কবির সরীসৃপ প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট।
ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন।
ঢাকা/শান্ত