আমেরিকায় গিয়ে জটিল রোগে আক্রান্ত নায়িকা শাহনূর
হাসপাতালের বিছানায় শাহনূর (ইনসেটে)
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের ব্যস্ততম নায়িকা শাহনূর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে গিয়ে জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে অসুস্থ এই অভিনেত্রীর প্যানক্রিয়াসে (অগ্ন্যাশয়) টিউমার ধরা পড়েছে। এমআরআই পরীক্ষার পর চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকেই বিষয়টি নিশ্চিত করেছেন শাহনূর।
সবার কাছে দোয়া কামনা করে শাহনূর জানান, নিউ ইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে তার চিকিৎসা চলবে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর দু-এক দিনের মধ্যেই তার অস্ত্রোপচার হতে পারে বলেও জানান তিনি।
শাহনূর বলেন, “দ্রুত অপারেশন না হলে তার শারীরিক অবস্থা আরো জটিল হয়ে উঠতে পারে। আমি আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করছি।”
এর আগে নিজের ফেসবুক পোস্টে শাহনূর আবেগঘন বার্তায় লিখেছেন, “আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার কথায়, কাজে বা ব্যবহারে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন।”
পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি কখনো নিজের জন্য কিছু করেননি। বরং সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। পথশিশু, প্রতিবন্ধী শিশু এবং বৃদ্ধাশ্রমের মানুষদের জন্য কাজ করার কথাও তুলে ধরেন তিনি।
ফেসবুকে শাহনূর লেখেন, “আমি আমার এত বছরের ক্যারিয়ারে কোনোদিন নিজের জন্য একটা ফ্ল্যাটও কিনিনি, নিজের জন্য দামি গাড়ি কিনিনি। সবসময় চিন্তা করেছি—গাড়ি-বাড়ি, ধন-সম্পদ কিছুই তো আমার সঙ্গে যাবে না। আমি যদি মানুষের উপকার করি, তারা যে দোয়া করবেন, সেটাই আমার সঙ্গে যাবে।”
পোস্টের শেষাংশে শাহনূর সবার কাছে ভালোবাসা ও দোয়া কামনা করেন। নামাজের সময় মোনাজাতে দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, “আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন।”
একসময় নিয়মিত চলচ্চিত্রে দেখা গেলেও বর্তমানে অনিয়মিত শাহনূর। ক্যারিয়ারে তিনি বহু হিট সিনেমায় অভিনয় করেছেন। তবে সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় রিয়াজের বিপরীতে আম্বিয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। শাহনূর নিজেও এই সিনেমাকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বলে মনে করেন। গত এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।
ঢাকা/রাহাত/শান্ত