ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিজয়ের শেষ সিনেমা অন্তর্জালে ফাঁস: নির্মাতাদের আইনি নোটিশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১০ এপ্রিল ২০২৬  
বিজয়ের শেষ সিনেমা অন্তর্জালে ফাঁস: নির্মাতাদের আইনি নোটিশ

‘জন নায়াগান’ সিনেমার দৃশ্য

অন্তর্জালে ফাঁস হয়েছে থালাপাতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’। বিভিন্ন মাধ্যমে সিনেমাটির এইচডি প্রিন্ট পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে আইনি নোটিশ জারি করেছেন নির্মাতারা। 

আইনি নোটিশে বলা হয়েছে, “হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, ইউটিউব, ওয়েবসাইট, টরেন্ট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে ‘জন নায়াগান’ সিনেমার ফাঁস হওয়া দৃশ্য ডাউনলোড, ফরওয়ার্ড, শেয়ার, আপলোড, রিপোস্ট, সংরক্ষণ বা প্রচার করা গুরুতর অপরাধ এবং কপিরাইট লঙ্ঘন। এ ধরনের কাজে জড়িত প্রত্যেক ব্যক্তি আলাদাভাবে ফৌজদারি ব্যবস্থার মুখোমুখি হবেন।” 

আরো পড়ুন:

যারা অবৈধভাবে সিনেমাটির ফাঁস হওয়া দৃশ্য ডাউনলোড করছেন এবং ছড়িয়েছে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কেবল তাই নয়, সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আরো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও এ নোটিশে জানানো হয়েছে। 

সর্ব সাধারণকে সতর্ক করে নোটিশে বলা হয়েছে, “সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে, ‘জন নায়াগান’ সিনেমা সংক্রান্ত ফাঁস হওয়া কনটেন্ট ডাউনলোড, গ্রহণ, সংরক্ষণ, শেয়ার বা প্রচার করবেন না। এরপরও কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে, তার বিরুদ্ধে তাৎক্ষণিক দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। আর এর দায়ভার তাকেই বহন করতে হবে।” 

থালাপাতি বিজয় অভিনীত ‘জন নায়াগান’ সিনেমা গত ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু বিজয় ভক্তদের উচ্ছ্বাসে জল ঢেলে দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, পূর্ব নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। কারণ চার মাস পেরিয়ে গেলেও এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি এটি। 

সিনেমাটির মুক্তি আটকে যাওয়ার কোনো কারণ পরিষ্কারভাবে ব্যাখ্যা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) না পাওয়ার কারণে জটিলতা তৈরি হয়েছে। অতিরিক্ত সহিংসতা নিয়ে প্রথমে আপত্তি জানায় বোর্ডের সদস্যরা। কয়েকটি দৃশ্য কাটছাঁট করার নির্দেশ দেন। পরে তা সংশোধন করে জমা দেওয়া হয়।     

তবে শেষ মুহূর্তে বোর্ডের একজন সদস্য নতুন করে আরো কিছু আপত্তি তোলেন। এরমধ্যে প্রধান আপত্তি সিনেমাটির কয়েকটি দৃশ্যে প্রতিরক্ষা বাহিনীর প্রতীক ব্যবহার নিয়ে। এ বিষয়ে বোর্ডের মত, ব্যাখ্যা ও সরকারি অনুমোদন প্রয়োজন। বিষয়টি বিদ্যমান নির্দেশিকা লঙ্ঘন করছে কি না, তা নির্ধারণের জন্য বিশেষজ্ঞদের পর্যালোচনার জন্য পাঠানো হয়। 

বিষয়টি আদালতেও গড়িয়েছে। প্রযোজকরা আদালতে দাখিল করা আবেদনে জানিয়েছেন, সহিংসতা সংক্রান্ত প্রাথমিক কাটছাঁটের পর ২০২৫ সালের ২২ ডিসেম্বর তাদের জানানো হয়েছিল যে, সিনেমাটি ইউ/এ সার্টিফিকেট পাবে। তবে নতুন আপত্তি আসায় বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা এবং প্রয়োজনীয় পরিবর্তন (যদি থাকে) না হওয়া পর্যন্ত চূড়ান্ত সার্টিফিকেশন স্থগিত রাখা হয়েছে। 

‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে রাজনৈতিক দল গঠন করেছেন বিজয়। ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক কাজ পরিচালনার পাশাপাশি ‘জন নায়াগান’ সিনেমার শুটিং করেন তিনি। এইচ. বিনোত পরিচালিত এই সিনেমায় বিজয়ের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে।  

বিজয়-পূজা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি।

*দ্য ফ্রি প্রেস জার্নাল অবলম্বনে

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়