ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ সফরে ছিটকে গেলেন ক্লার্ক, ডাক পেলেন লিস্টার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:৩৪, ১০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সফরে ছিটকে গেলেন ক্লার্ক, ডাক পেলেন লিস্টার

বাংলাদেশ সফরের আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হলো নিউ জিল্যান্ড। ইনজুরির কারণে অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার বেন লিস্টারকে।

শ্রীলঙ্কায় নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলতে গিয়ে চোট পান ক্লার্ক। একদিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে তার ডান হাতের আঙুলের মাঝখানে চামড়া ছিঁড়ে যায়। ফলে বাংলাদেশ সফর থেকে ছিটকে যেতে হয় তাকে।

আরো পড়ুন:

সম্প্রতি সাদা বলের দলে জায়গা করে নেওয়া ক্লার্ক চলতি বছর ভারতের বিপক্ষে সিরিজে ৩টি একদিনের ম্যাচ ও ১টি টি-টোয়েন্টি খেলেছিলেন।

তার জায়গায় সুযোগ পাওয়া লিস্টারের আন্তর্জাতিক অভিজ্ঞতাও কম নয়। তিনি ইতোমধ্যে ৩টি একদিনের ম্যাচ ও ১২টি টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। সর্বশেষ ২০২৪ সালে পাকিস্তান সফরে জাতীয় দলে খেলেছিলেন তিনি।

এদিকে, আরেক পেসার বেন সিয়ার্সও পুরো সফরে পাওয়া যাবে না। পাকিস্তান সুপার লিগে রাওয়ালপিন্ডির হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হওয়ায় তিনি একদিনের সিরিজে অংশ নিচ্ছেন না। তবে টি-টোয়েন্টি সিরিজে পরে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, সিয়ার্সের বদলে কাউকে দলে নেওয়া হচ্ছে না।

সফরে দলে ফিরছেন ইনজুরি কাটিয়ে ওঠা কয়েকজন পেসার- ম্যাথিউ ফিশার, উইল ও’রউর্ক ও ব্লেয়ার টিকনার। পুরো সফরে একদিনের ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম।

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে ম্যাচের সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। ঢাকা থেকে শুরু হবে একদিনের সিরিজ, যার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়