দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত সোহানের বাড়িতে স্বজনদের ভিড়। ইনসেটে সোহান
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সোহান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সময় রাতে দেশটির জোহানসবার্গ শহরের অদূরে কেতলেহং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহানের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে। তিনি দক্ষিণ আফ্রিকায় একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দোকানে কাজ করছিলেন সোহান। মাগরিবের সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে যান। সেই সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।
নিহতের চাচা দেলোয়ার হোসেন বলেন, “পরিবারের সচ্ছলতার আশায় ধারদেনা করে সোহানকে বিদেশে পাঠানো হয়েছিল। কিন্তু হঠাৎ তার মৃত্যুর খবর পেলাম।”
সোহানের মামা মহরম আলী মিঠু বলেন, “সরকারের কাছে অনুরোধ, যেন দ্রুত সময়ের মধ্যে সোহানের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। অন্তত শেষবারের মতো তার মুখটা দেখতে চাই।”
নিহতের বাবা দুলাল হোসেন বলেন, “ভবিষ্যৎ চিন্তা করে ছেলেকে কষ্ট করে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু তাকে আর জীবিত পাব না। এখন তার মরদেহ যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারি—এটাই চাওয়া।”
রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম বলেন, “বিদেশ থেকে কারো মরদেহ দেশে ফিরিয়ে আনতে হলে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের অনুমতি প্রয়োজন। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সরাসরি কোনো ভূমিকা থাকে না। সোহানের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তার পরিবারকে সেই দেশে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের কাছে আবেদন করতে হবে। এ বিষয়ে আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা করব।”
ঢাকা/হিমেল/রাজীব
কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত