ঢাকা     শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৮ ১৪৩২ || ২২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মচারীকে মারধর, পুলিশে সোপর্দ

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ১০ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:১৭, ১০ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মচারীকে মারধর, পুলিশে সোপর্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের চার কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আহনাফ আহমেদ নামের ওই বহিষ্কৃত পরীক্ষার্থীকে কন্ট্রোল রুমে নেওয়ার সময় তিনি কর্মচারীদেরকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আরো পড়ুন:

মারধরে আহত হওয়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মচারী মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন ও উজ্জ্বলকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেছেন, “এক পরীক্ষার্থীকে বহিষ্কারের পর সে উপস্থিত স্টাফ ও অন্য পরীক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে আমি সেখানে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমাকেও মারধর করে। এতে আমার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।”

বরিশাল বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন বলেছেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের চারজন স্টাফকে মারধর করে আহত করেছে। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে তুলে দিয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

গুচ্ছ ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রের প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেছেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে ওই পরীক্ষার্থী আমাদের চারজন স্টাফকে মারধর করে আহত করে। তাকে পুলিশে দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেছেন, “পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কক্ষ পরিদর্শক এক পরীক্ষার্থীকে বহিষ্কার করার পর চার কর্মচারীকে মারধর করে ওই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়