‘বাইডেন ক্ষমতায় এলে আমেরিকা ধবংস হয়ে যাবে’
দলের মনোনয়নপত্র গ্রহণের দিনও প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের তীব্র সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বাইডেন ক্ষমতায় এলে আমেরিকা ধবংস হয়ে যাবে। ভেঙে যাবে আমেরিকার সব স্বপ্ন।
বৃহস্পতিবার রাতে রিপাবলিকান পার্টির কনভেনশনের শেষ রাতে তিনি এসব মন্তব্য করেছেন।
ট্রাম্প বলেছেন, বাইডেন ‘আমেরিকার মহত্বকে ধ্বংস করবেন।’ আর বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্রের শহরগুলো ‘সহিংস নৈরাজ্যবাদীদের’ কাছে ছেড়ে দেবে।
বৃহস্পতিবার কনভেনশনের শেষ দিনে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য দলের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ট্রাম্প।
হোয়াইট হাউসের সাউথ লনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি আপনাদের সাধারণ একটি প্রশ্ন করতে চাই-ডেমোক্রেট পার্টি কীভাবে আমাদের দেশকে নেতৃত্ব দেওয়ার কথা বলে যেখানে তারা অনেক বেশি সময় ব্যয় করেছে আমাদের দেশকে ছিন্নভিন্ন করতে?’
তিনি বলেন, ‘জো বাইডেন তার ক্যারিয়ারের সম্পূর্ণ অংশ ব্যয় করেছেন আমেরিকান শ্রমিকদের স্বপ্নকে আউটসোর্স করতে, তাদের চাকরি অফশোর করতে, সীমান্ত খুলে দিতে এবং বিদেশিদের অন্তহীন যুদ্ধে লড়াই করতে তার পুত্র-কন্যাদের পাঠাতে।’
ট্রাম্প বলেন, জো বাইডেন মোটেই আমেরিকার আত্মার রক্ষাকর্তা নন। তিনি ক্ষমতায় এলে মার্কিন নাগরিকদের জীবিকা ও উপার্জন বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। তিনি প্রেসিডেন্ট হলে আমেরিকার মহত্ব ক্ষুণ্ণ হবে। ভেঙে চুরমার হয়ে যাবে আমেরিকার সব স্বপ্ন স্বপ্ন।’
ঢাকা/শাহেদ