ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলম্বিয়ার প্রেসিডেন্টের হেলিকপ্টার লক্ষ্য করে গুলি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৬ জুন ২০২১  
কলম্বিয়ার প্রেসিডেন্টের হেলিকপ্টার লক্ষ্য করে গুলি

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দ্যুককে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্টের এক মুখপাত্র ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন জানিয়েছে, প্রেসিডেন্ট দ্যুক ছাড়াও হেলিকপ্টারটিতে প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো, স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল প্যালাসিয়োস এবং নরতে দে সানটান্দার গভর্নর সিলভানো সেরানানোসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন। হেলিকপ্টারটি দেশের ক্যাটাতম্বোর অঞ্চল দিয়ে নরতে দে সানটান্দার প্রদেশের রাজধানী কুকুটা শহরের দিকে যাচ্ছিল। 
 
রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, হেলিকপ্টারের প্রধান দরজা ও পেছনের লেজের দিক ছুঁয়ে চলে গেছে গুলি।

প্রেসিডেন্ট দ্যুক একে ‘কাপুরুষোচিত আক্রমণ’ আখ্যা দিয়ে হামলার পেছনে জড়িতদের আটকের নির্দেশ দিয়েছেন । 

তিনি বলেছেন, ‘হেলিকপ্টারের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় এটি মারাত্মক আক্রমণ প্রতিরোধ করেছে।

এই হামলার পরও তিনি পিছু হটবেন না জানিয়ে বলেছেন, ‘আমরা হাল ছাড়ব না। মাদক পাচার, সন্ত্রাসবাদ এবং দেশে পরিচালিত সংগঠিত অপরাধগুলোর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।  তারা সহিংসতা করে আমাদের ভয় দেখাতে পারবে না। কলম্বিয়া এই হুমকি মোকাবেলায় শক্তিশালী।’

সম্প্রতি, কুকুটার সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলায় কলম্বিয়ার কয়েক সেনা ও মার্কিন সামরিক উপদেষ্টা আহত হয়েছিল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোলানো সমস্ত দায় বিদ্রোহী গোষ্ঠী ইএলএনের উপর চাপিয়েছিলেন। যদিও হামলায় জড়িত থাকার বিষয়টি ইএলএন অস্বীকার করেছিল।

 


 

সাব্বির/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়