মার্কিন সীমান্তরক্ষা বাহিনী ছেড়ে দেওয়ার পরে মিলল রোহিঙ্গা শরণার্থীর লাশ
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
কারাগার থেকে ছেড়ে দেওয়ার পর কয়েকদিন ধরে নিখোঁজ প্রায় অন্ধ এক রোহিঙ্গা শরণার্থীর মৃতদেহ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের বাফেলো শহরের এক রাস্তা থেকে মৃতদেহটি পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিউ ইয়র্ক রাজ্যের প্রান্তে অবস্থিত শহরটির পুলিশ কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় ৫৬ বছর বয়সী নুরুল আমিন শাহ আলমের লাশ খুঁজে পান বলে বুধবার জানান বাফেলো পুলিশ বিভাগের মুখপাত্র।
মিয়ানমার থেকে যাওয়া শাহ আলম গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন। দুই পুলিশ সামান্য আহত হন এমন এক ঘটনার প্রেক্ষিতে গত বছর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দোষ স্বীকার করে নেওয়ার এক চুক্তিতে রাজি হওয়ার পর চলতি মাসেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর মার্কিন সীমান্তরক্ষা বাহিনী বর্ডার পেট্রলের এজেন্টরা তাকে তার বাড়ি থেকে কয়েক মাইল দূরের একটি কফি শপে নামিয়ে দেয়।
বাফেলো পুলিশের মুখপাত্র জানান, তার মৃত্যুর কারণ তদন্তকারী দল খতিয়ে দেখছে।
শহরটির ডেমোক্র্যাট মেয়র শন রায়ান বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের ‘অমানবিক’ সিদ্ধান্তের ফলেই শাহ আলমের মৃত্যু হয়েছে, যা চাইলেই এড়ানো যেত।
তিনি বলেন, “দুর্বল এক মানুষ, যিনি চোখে প্রায় দেখেনই না, ইংরেজিতে কথা বলতে পারেন না, তাকে কনকনে ঠাণ্ডা রাতে একা ছেড়ে যাওয়া হল; বিপদহীন, নিরাপদ কোথাও তাকে রাখার চেষ্টা হয়েছে এমনটা জানা যায়নি। মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থার (সিবিপি) ওই সিদ্ধান্ত ছিল অপেশাদার ও অমানবিক।”
এ প্রসঙ্গে রয়টার্স সিবিপির মুখপাত্রের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে সাড়া পায়নি।
বাফেলোভিত্তিক সংবাদমাধ্যম ইনভেস্টিগেটিভ পোস্টকে সিবিপি-র এক মুখপাত্র জানিয়েছেন, শাহ আলম যে শরণার্থী এবং তাকে নিজ দেশে ফেরত পাঠানোর সুযোগ নেই এটা নিশ্চিত হওয়ার পর এজেন্টরা শাহ আলমকে একটা কফি শপে ছেড়ে আসেন।
ঢাকা/শাহেদ