ইরানের ড্রোনবাহী জাহাজে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের একটি জাহাজে হামলা চালিয়েছে, যেটিকে ‘ড্রোন বহনকারী জাহাজ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গেছে বলেও দাবি করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স হ্যান্ডলে এক পোস্টে লিখেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান সপ্তম দিনে প্রবেশ করার সময় এই হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরা।
পোস্টে সেন্টকম আরো দাবি করেছে, “ইরানের পুরো নৌবাহিনীকে ডুবিয়ে দেওয়ার মিশনে মার্কিন বাহিনী কোনো ধরনের ছাড় দিচ্ছে না।”
সেন্টকম জানায়, হামলার শিকার হওয়া ড্রোনবাহী জাহাজটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বিমানবাহী রণতরীর প্রায় সমান। তবে হামলাটি ঠিক কোথায় চালানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
সেন্টকম যে ভিডিওটি প্রকাশ করেছে, তাতে দেখা যায়, হামলার পর কথিত ইরানি জাহাজটি ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।
ঢাকা/রাসেল